ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জানাবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগ আছে। এসব অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়ায় তাকে বিচারের আওতায় আনার পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্ত ভিত্তি দিয়েছে বলেও মন্তব্য করেন।
নতুন সরকারের অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং দুর্নীতি দমন—এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত সংসদ স্বাধীনতার পর সবচেয়ে কার্যকর ও আইন প্রণয়নে সক্রিয় সংসদ হিসেবে ভূমিকা রাখবে।