সাংবাদিকতায় আগ্রহী জেলার বিভিন্ন প্রান্তের অর্ধশতাধিক তরুণ-তরুণীকে নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘সাংবাদিকতার হাতেখড়ি কর্মশালা-২০২৬’।
শনিবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স হলে অনলাইন সংবাদমাধ্যম মৌলভীবাজার টিভির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ ও যাচাই, ভিডিও ও প্যাকেজ নিউজ তৈরি, অনুসন্ধানী সাংবাদিকতা, কলাম ও ফিচার লেখাসহ মাঠপর্যায়ে সাংবাদিকতার বিভিন্ন বাস্তবধর্মী দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
মৌলভীবাজার টিভির স্টাফ রিপোর্টার রকিবুল ইসলাম রকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সবুজ সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, রাইজিং বিডি ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম ও ওয়াহিদ রুলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এবং দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি রিপন মিয়া।
প্রশিক্ষক হিসেবে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি তুহিন জুবায়ের, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচারের সম্পাদক ও প্রকাশক এবং কবি-সাহিত্যিক আবদাল মাহবুব কোরেশী এবং দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ।
বক্তারা বলেন, সাংবাদিকতায় সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পাশাপাশি বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সাংবাদিকদের নিয়মিত চর্চার মাধ্যমে সংবাদ নির্বাচন, তথ্য যাচাই, মাঠপর্যায়ে কাজ এবং সংবাদ উপস্থাপনে দক্ষতা অর্জন করতে হবে।
আয়োজকরা জানান, সাংবাদিকতায় আগ্রহী তরুণ-তরুণীদের জন্য একটি কার্যকর শেখার প্ল্যাটফর্ম তৈরি এবং অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাদের যোগাযোগের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
কর্মশালায় অংশগ্রহণকারীরা সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষকদের কাছে সরাসরি প্রশ্ন করেন এবং নিজেদের ভবিষ্যৎ কাজের বিষয়ে পরামর্শ নেন। দিনব্যাপী প্রশিক্ষণ ও আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়।