কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে গিয়ে এক চালক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় নদী থেকে টমটমটি উদ্ধার করা হলেও নিখোঁজ চালকের সন্ধান এখনো মেলেনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি প্রিতম এরিক (পিতু)। তিনি উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা এবং টমাস এরিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে একজন যাত্রীকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান প্রিতম। যাত্রী নামিয়ে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর তীরে টমটম ঘোরানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে টমটমটি নদীতে পড়ে গেলে চালকও পানিতে তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার পর প্রিতম কিছুক্ষণ ভেসে থেকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। স্থানীয় কয়েকজন দ্রুত নদীতে নেমে উদ্ধারচেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে তিনি সবার চোখের সামনেই পানির নিচে হারিয়ে যান।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা নদী থেকে দুর্ঘটনাকবলিত টমটমটি উদ্ধার করতে সক্ষম হন। তবে নিখোঁজ চালকের সন্ধান না পাওয়ায় সিলেট থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। টমটমটি উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সিলেট থেকে ডুবুরি দল এসে অনুসন্ধান চালাচ্ছে।”
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল পর্যন্ত ডুবুরি দল ও স্থানীয়দের সমন্বয়ে ধলাই নদীতে তল্লাশি অভিযান অব্যাহত ছিল। তবে নিখোঁজ প্রিতম এরিকের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।