মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার (১০ মার্চ) অনুষ্ঠিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও সরকারি কর্মকর্তা-শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানের সূচনা হয় বর্ণাঢ্য র্যালি দিয়ে, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক। মহড়ায় নেতৃত্ব দেন কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার ফারুক আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহবুবুল আলম ভূঁঞা, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ বিষয়ে ধারণা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে