শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

রিপোটার : / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বাজার উন্নয়ন সভায় ‘হালিমা বাজার’ নামকরণ নিয়ে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আলীনগর চৌমুহনী বাজারের নাম ও পরিচয় সংরক্ষণের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও বাজার সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের পরিচিত ‘আলীনগর চৌমুহনী বাজার’ নাম পরিবর্তনের অপচেষ্টা বন্ধ এবং বাজারের ঐতিহাসিক পরিচয় অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) বাজারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বিভিন্ন দাবি উত্থাপন করেন।

আলীনগর চৌমুহনী বণিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির উদ্যোগে আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল ও বাজার উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় এসব বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।

গত ২১ আগস্ট অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর এটাই ছিল নবনির্বাচিত কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা। সভায় বাজারের সার্বিক উন্নয়ন, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা, মাদকমুক্ত পরিবেশ, ব্যবসায়ীদের কল্যাণ তহবিল, নিয়মিত চাঁদা সংগ্রহ এবং ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তবে সভার মূল আলোচনায় স্থান পায় বাজারের নামকরণ নিয়ে চলমান বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা সদর ও শমসেরনগরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বহু দশক ধরে পরিচিত আলীনগর চৌমুহনী বাজার। এখান থেকেই দেশের অন্যতম পরিচিত আলীনগর চা বাগানের সড়ক শুরু হয়েছে। ইউনিয়নের নাম, চা বাগানের নাম, স্থানীয় এলাকার নামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন নথিতে দীর্ঘদিন ধরে ‘আলীনগর’ নামটিই ব্যবহৃত হয়ে আসছে।

কয়েক বছর আগে এক যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী তার মায়ের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বাজারে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করেন। ভবনটির নাম রাখা হয় ‘হালিমা বাজার’। পরবর্তীতে বিভিন্ন সাইনবোর্ড, নামফলক ও কিছু স্থানে ‘হালিমা বাজার’ নাম ব্যবহারের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

সভায় বক্তারা বলেন, একটি মার্কেট বা কমপ্লেক্সের নাম ব্যক্তিগতভাবে দেওয়া যেতে পারে, কিন্তু পুরো এলাকার ঐতিহাসিক বাজারের নাম পরিবর্তনের কোনো যৌক্তিকতা নেই। এতে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য এবং প্রশাসনিক পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রমিজ মিয়া, জালাল আহমেদ আবেদ ,রিমন মিয়া ও জাকির হোসেন বলেন, “আমরা জন্মের পর থেকে এই বাজারকে আলীনগর বাজার বা আলীনগর চৌমুহনী বাজার হিসেবেই জেনে এসেছি। ইউনিয়নের নাম আলীনগর, চা বাগানের নাম আলীনগর, আমাদের জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথিতে আলীনগর উল্লেখ রয়েছে। তাহলে হঠাৎ করে হালিমা বাজার নাম প্রচার করা হচ্ছে কেন?”

তারা বলেন, “একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানের নাম আলাদা হতে পারে, কিন্তু একটি ঐতিহাসিক বাজারের পরিচয় পরিবর্তন মেনে নেওয়া যায় না।”

বাজারের প্রবীণ ব্যবসায়ী আবুল হোসেন বলেন, “আলীনগর চৌমুহনী বাজারের নিজস্ব ইতিহাস ও সুনাম রয়েছে। একটি মার্কেটের নামকে কেন্দ্র করে পুরো বাজারের পরিচয় পরিবর্তনের চেষ্টা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

বণিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি জমসেদ আহমেদ বলেন, “মার্কেটটির নাম হালিমা কমপ্লেক্স বা হালিমা মার্কেট রাখা যেত। কিন্তু ‘বাজার’ শব্দটি ব্যবহার করে একটি প্রতিষ্ঠিত বাজারের নামের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এটি স্থানীয় মানুষের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। আমরা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানাচ্ছি।”

বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক মো. নজরুল ইসলাম বলেন ( আব্দুল আহাদ) , “আলীনগর ইউনিয়ন, আলীনগর চা বাগান, আলীনগর বস্তি সবকিছুই আলীনগর নামে পরিচিত। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সেও আলীনগর বাজার উল্লেখ রয়েছে। যুগের পর যুগ মানুষ এই নামের সঙ্গে পরিচিত। হঠাৎ করে বাজারের যাত্রীছাউনি বা বিভিন্ন স্থানে অন্য নাম ব্যবহার করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে।”

তিনি আরও বলেন, “ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত একটি মার্কেটের কারণে পুরো এলাকার ঐতিহাসিক পরিচয় পরিবর্তনের সুযোগ নেই। এ বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান প্রয়োজন।”

সভায় বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত মানুষ, পরিবহন চালক, ব্যবসায়ী এবং পর্যটকরা দীর্ঘদিন ধরে স্থানটিকে ‘আলীনগর চৌমুহনী’ হিসেবেই চেনেন। নাম পরিবর্তন বা বিভ্রান্তিকর প্রচারণা চলতে থাকলে ভবিষ্যতে ডাক, প্রশাসনিক যোগাযোগ, ব্যবসায়িক কার্যক্রম এবং ডিজিটাল ম্যাপিংয়েও জটিলতা তৈরি হতে পারে।

শেষে বাজারের ঐতিহাসিক নাম ও পরিচয় সংরক্ষণ, বাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করা এবং ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সায়েদুর রহমান, আম্মাজান ট্রেডার্স এর পরিচালক সোহেল আহমেদ, মেসার্স মইনুদ্দিন সাপ্লাই এর মোহাম্মদ কামরুল ইসলাম রিমন, চাকুরীজিবি মামুন আহমেদ, ইউপি সদস্য রইস উদ্দিনসহ বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহাসিক পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আলীনগর বস্তি জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ায় বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মুসল্লিরা অংশগ্রহণ করেন। দেশ, জাতি, বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর