“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া, লেখক ও গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নির্মল এস. পলাশসহ আরও অনেকে।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল হোসেন বলেন, নারীদের শিক্ষা থেকে পিছিয়ে রাখলে কোনো সমাজই এগিয়ে যেতে পারে না। নারী শিক্ষাকে আরও এগিয়ে নিতে হবে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য স্মরণ করে বলেন, “তিনি বলেছিলেন—আমি যদি ঘরে ঘরে একটি করে শিক্ষিত মা দিতে পারি, তবেই জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব।” তাই নারীদের শিক্ষিত করে গড়ে তোলা সময়ের দাবি।কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সমাজে এখনও অনেক ক্ষেত্রে নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তি থেকে অনেক নারী প্রাপ্য অধিকার পান না। তিনি নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংসদে কথা বলার জন্য প্রধান অতিথির প্রতি অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। নারীর শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সরকার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি নারীদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করার পাশাপাশি তাদের অধিকার প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষে নারী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।