কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আলীবাবা রেস্টুরেন্টসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শমশেরনগরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ।
অভিযানে আলীবাবা রেস্টুরেন্টে প্রয়োজনীয় রেস্তোরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং বিএসটিআই লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অপরদিকে, শমশেরনগরের সিমা আইস্ক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া আইস্ক্রিম উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং উৎপাদনস্থলে টয়লেটে ব্যবহৃত বদনা রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।