কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কমলগঞ্জ জাপানি বাড়ি ‘মুজাহিদ মঞ্জিল’-এ এ ঘটনা ঘটে। বাড়িটির মালিক জাপান প্রবাসী মুজাহিদ আলী।
পরিবারের সদস্যরা সিঁড়ির নিচে কয়েকটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তারা সিঁড়ির নিচে থাকা সাপগুলো শনাক্ত করে দেখতে পান যে এগুলো অত্যন্ত বিষধর মনোক্লেড কোবরা প্রজাতির সাপের বাচ্চা।
পরে অভিযান চালিয়ে একে একে মোট ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাপগুলো উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।