কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ মো. আব্দুল হাসান (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল হাসান ও কবির (৩৫) নামে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ মো. আব্দুল হাসানকে আটক করে। তিনি উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর গ্রামের বাসিন্দা।
এ সময় মামলার অপর আসামি কবির (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই জসিম বলেন, “অভিযানের সময় একজনকে আটক করা হয়েছে। অপরজন পালিয়ে গেছে।”
পুলিশ আরও জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি কবিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।