মৌলভীবাজার প্রতিনিধি:
ওষুধ সংরক্ষণে অনিয়ম, পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় ত্রুটি এবং স্টেরিলাইজেশন কক্ষ অপরিচ্ছন্ন রাখার অভিযোগে মৌলভীবাজারে একটি ডায়ালাইসিস সেন্টার ও একটি বেসরকারি হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে শহরের ঢাকা বাসস্ট্যান্ড সড়কে অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টারে গিয়ে ওষুধ যথাযথ নিয়মে সংরক্ষণ না করার বিষয়টি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এরপর পুরাতন হাসপাতাল সড়কের আল হামরা (প্রা.) হাসপাতালে অভিযান চালানো হয়। সেখানে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়মের পাশাপাশি অটোক্লেভ (স্টেরিলাইজেশন) কক্ষ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়ার কথা জানানো হয়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পৃথক দুটি মামলায় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে সদর মডেল থানা পুলিশের একটি দল এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট টিম সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ওষুধ সংরক্ষণ, জীবাণুমুক্তকরণ, পরিচ্ছন্নতা ও রোগীর নিরাপত্তার বিষয়গুলো সরাসরি জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত। এসব ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।