নিজস্ব প্রতিবেদক
বহুল আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ সোমবার ঘোষণা করবেন হাইকোর্ট। দেশের অন্যতম আলোচিত এ হত্যা মামলার চূড়ান্ত বিচারিক পর্বকে ঘিরে ফেনীর সোনাগাজীসহ সারাদেশের মানুষের দৃষ্টি এখন উচ্চ আদালতের দিকে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে নিহত নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সোনাগাজী এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত ২০ আগস্ট ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর দীর্ঘ শুনানি শেষে আদালত রায়ের জন্য ২৪ আগস্ট দিন নির্ধারণ করেন।
নুসরাতের পরিবার জানিয়েছে, তারা উচ্চ আদালতের কাছ থেকে ন্যায়বিচার প্রত্যাশা করছে। একই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে বলেও তাদের আশা।
২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে নুসরাত জাহানকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ওই ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হলেও নুসরাত আপস করতে অস্বীকৃতি জানান।
এর ধারাবাহিকতায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হলে ১০ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলাটি পরে হত্যা মামলায় রূপ নেয়।
তদন্ত শেষে ১৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায়ে প্রধান আসামি সিরাজ উদদৌলাসহ ১৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন।
এরপর বিচারিক আদালতের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আকারে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরা পৃথকভাবে আপিল ও জেল আপিল দায়ের করেন। দীর্ঘ সাত বছর পর সেই মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা হতে যাচ্ছে।
আইনজীবী ও সংশ্লিষ্টদের মতে, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিচারিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত এই মামলার রায় দেশের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।