মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক কমলগঞ্জ এক্সপ্রেস’। সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ (ওয়াক)’ এর নিজস্ব মিডিয়া সেল হিসেবে বুধবার ১৫ এপ্রিল রাত ৮ ঘটিকায় কমলগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পোর্টালটির শুভ উদ্বোধন করা হয়।
দৈনিক কমলগঞ্জ এক্সপ্রেস-এর সম্পাদক ও প্রকাশক ড. অপু আবুল হাসানের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক জায়েদ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর, প্রবীণ সাংবাদিক মামুন তরফদার এবং চ্যানেল এস এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি জনাব মঞ্জু বিজয় চৌধুরী ।
অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান ডিজিটাল যুগে সঠিক ও নির্ভুল তথ্য দ্রুততম সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনলাইন নিউজ পোর্টালগুলোর ভূমিকা অপরিসীম। দৈনিক কমলগঞ্জ এক্সপ্রেস কেবল সংবাদ পরিবেশন নয় বরং এলাকার উন্নয়ন সম্ভাবনা এবং সামাজিক সমস্যাগুলো তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে উই আর কমলগঞ্জ ওয়াক-এর যাবতীয় সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি কমলগঞ্জসহ দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ এই পোর্টালে গুরুত্বের সাথে প্রকাশিত হবে। বিশেষ করে অবহেলিত জনপদের সমস্যা ও সাধারণ মানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই এই পোর্টালটির মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক ড. অপু আবুল হাসান তার বক্তব্যে বলেন দৈনিক কমলগঞ্জ এক্সপ্রেস কমলগঞ্জে একটি আলাদা ন্যারেটিভ প্রতিষ্ঠা করবে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবে। সাংবাদিকতার সকল নীতিমালা অনুসরণ করে এই নিউজ পোর্টালটি কমলগঞ্জের মানুষের দুঃখ ও দুর্দশার কথা বলবে এবং সকল অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সম্পাদক পারভেজ আহমেদ, আহাদ মিয়া, চ্যানেল এস প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, পোর্টালের সহ-সম্পাদক রাজন আবেদীন, বার্তা সম্পাদক সাইদুল ইসলাম, মুন্সিবাজার ব্যবসা সমিতির কার্যনির্বাহী সদস্য ও ওয়াক-এর সদস্য ইলিয়াছুর রহমান, সিনিয়র শিক্ষক বিমল কুমার সিংহ, দৈনিক সমাচার প্রতিনিধি সৈয়দ তানভীর আহমেদ এবং নিউজ বিডি ২৪ লাইভ এর প্রবাস প্রতিনিধি এমদাদুর রহমান মাহবুব।
উপস্থিত সুধীজনের গঠনমূলক দিকনির্দেশনা এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।