মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটি থেকে ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মৌলভীবাজার শহরের কুদরতউল্লা সড়কে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এ ছাড়া একই অপরাধে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে আরও ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং সদর মডেল থানা পুলিশের একটি দলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।