মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়গুলোতে ২০তম গ্রেডের ১৮টি শূন্য পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক ও দালাল চক্রের বিষয়ে সতর্ক করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও মালী পদে এ নিয়োগ দেওয়া হবে।
লিখিত পরীক্ষা মৌলভীবাজারের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো হলো কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর (রবিবার)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছতা, মেধা ও নিরপেক্ষতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তার প্রলোভনে না পড়ে আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি চাকরির নামে অর্থ দাবি করা হলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। এ ধরনের প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।