(মৌলভীবাজার ) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)-কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির একটি টহল দল শ্রীমঙ্গলের মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর নিকট শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়।
আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। তিনি ২০১৬ সাল থেকে নির্বাচন কমিশনের অধীন বিভিন্ন কার্যালয়ে কর্মরত রয়েছেন এবং বর্তমানে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে একটি আবাসিক হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন। অভিযানের সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, একটি ব্যবহৃত দাপ্তরিক সিল, নগদ ১২ হাজার ১৮৫ টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সুশান্ত চন্দ্র বিশ্বাস প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ তার অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছিল।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।