স্মার্ট ভূমি সেবা, সুরক্ষিত নাগরিক অধিকার” এই লক্ষ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সরকারের ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং মানুষকে অনলাইনভিত্তিক সেবায় অভ্যস্ত করতে এ ধরনের মেলার আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা সাব-রেজিস্টার ফয়সাল আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং পৌর বিএনপির আহ্বায়ক শোয়েব আহমদ।
সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ জানান, মেলায় নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান আবেদন, জমি সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন সেবা সরাসরি প্রদান করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে দালালমুক্তভাবে সরাসরি ভূমি অফিস কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সেবা গ্রহণের আহ্বান জানান।
মেলার উদ্বোধনী দিনেই রহিমপুর ইউনিয়নের কৃষক বারিক খান ৫০ হাজার ৫ টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন, যা উপস্থিত সেবাগ্রহীতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। এছাড়া মান্নান মিয়া ও আফিয়া খাতুন দম্পতির জমির কাবুলিয়ত ও দলিল সাব-রেজিস্ট্রি সম্পন্ন করে নামজারির প্রক্রিয়াও শুরু করা হয়।
১৯ থেকে ২১ মে পর্যন্ত চলমান এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।