নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা-শ্রমিকদের বিশেষ ভাতার পে-রোল প্রদান এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২৬ অর্থবছরের সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন সংক্রান্ত অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা (চা-শ্রমিক) এর পে-রোল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, সরকার চা-শ্রমিকসহ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতে তাদের জন্য আরও সুখবর ও সহায়তা নিয়ে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এছাড়াও তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলগঞ্জ পৌরসভা, ০৫ নং সদর ইউনিয়ন ও ০২ নং পতনঊষা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিশিষ্ট কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আসিক চিসতি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।