কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনী এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হোটেল মালিক।
অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়া কাপন এলাকার বাসিন্দা সেলিম মিয়া উপজেলার চৌমুহনী মৌলভীবাজার সড়কে অবস্থিত “নিউ আরিয়ান” নামের একটি হোটেলের মালিক। গত ৩১ জুলাই রাত প্রায় ২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরে ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলা চৌমুহনীর চৌকিদার শহিদ মিয়া মোবাইল ফোনে তাকে জানান যে তার হোটেলে আগুন লেগেছে।
খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পরে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে হোটেলের রান্নাঘরে থাকা একটি বড় সসপ্যান, ডেগ, কড়াই, কেটলি, প্লেটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
হোটেল মালিকের দাবি, অগ্নিকাণ্ডে তার প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অভিযোগে উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার ক্ষতি করার উদ্দেশ্যে হোটেলে আগুন লাগিয়ে থাকতে পারে। আগুনের তীব্রতা এবং মালামাল অস্বাভাবিকভাবে পুড়ে যাওয়ায় দাহ্য পদার্থ বা কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে বলে তার এবং স্থানীয়দের সন্দেহ।
এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।