কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আল-ইখলাস যুব সংগঠনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ ক্যাম্পে বিদ্যালয়ের ২০০-এর অধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ জানা, স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব উপলব্ধি করা এবং মানবিক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-ইখলাস যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন মিয়া, সহ-সভাপতি মাজহারুল ইসলাম শাফি, সাধারণ সম্পাদক রুমেল মিয়া, সাংগঠনিক সম্পাদক আলামিন হাসান মাহি, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া, দপ্তর সম্পাদক মো. রাহেল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম, সদস্য আকাশ আহমেদ ও জাবেদ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াউপস্থিত ছিলেন সমাজকর্মী তোফায়েল আহমেদ মোতাহের ,সোলাইমান উদ্দিন, রাসেল বখত, আব্দুস সালাম, জান্নাতুল জেনি, ও রাজ মুস্তাকিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অনেক শিক্ষার্থী নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত থাকে না। জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে এ তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তারা আরও বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন স্বেচ্ছা রক্তদাতার দান করা রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে রক্তদান ও মানবসেবার চেতনা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানবতার সেবায় নিবেদিত আল-ইখলাস যুব সংগঠন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।