কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে দিনের বেলায় একটি ফাঁকা বাড়িতে ঢুকে চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী এলাকার টিলাবাজারের পূর্ব পাশে অবস্থিত পুলিশ সদস্য মো. মোজাম্মেল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বাড়ির মালিকের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে এক ব্যক্তি ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসেন মোজাম্মেল হকের মা। তিনি ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে ঘরের ভেতরে অপরিচিত একজনকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন।
এ সময় স্থানীয়রা ওই ব্যক্তিকে ঘরের ভেতর থেকেই আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তি ফরিদ মিয়া (৫০)। তিনি পূর্ব জালালপুর পেমনগর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে।
বাড়ির মালিক মো. মোজাম্মেল হক জানান, পরিবারের সদস্যদের উপস্থিতি ও স্থানীয়দের দ্রুত সাড়ার কারণে সম্ভাব্য চুরির ঘটনা বড় ধরনের ক্ষতির আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।