শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তার পাশে জালে আটকে পড়া একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল পূর্ব নওয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান বাসা থেকে বের হয়ে বাইরে যাওয়ার সময় রাস্তার পাশে জালে আটকে থাকা অজগর সাপটি দেখতে পান। পরে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় জাল কেটে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তাঁরা।
উদ্ধারের পর অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।