শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে বন বিভাগের মাধ্যমে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় মনির মেম্বারের বাড়ির আঙিনায় সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। সাপটি দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে মনির মেম্বার বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর শ্রীমঙ্গলস্থ বন বিভাগের মাধ্যমে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।