মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক সময়ের পরিত্যক্ত বাঘমারা বন ক্যাম্প এলাকা নতুন করে সবুজে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে সেখানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও বিরল বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (SWAN)-এর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে আমলকি, বহেরা, হরিতকি, শিমুল, কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ও পরিবেশবান্ধব প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে তুলনামূলকভাবে বিরল প্রজাতির ‘বুদ্ধ নারকেল’ গাছের চারাও রোপণ করা হয়, যা উপস্থিত সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনাঞ্চলে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও SWAN-এর সহ-সভাপতি আহমেদুজ্জামান আলম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব ও SWAN-এর সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমদ, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা বেগমসহ সংগঠনটির মৌলভীবাজার ইউনিটের সদস্যরা।
আয়োজকরা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও এর আশপাশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, বন্যপ্রাণীর আবাসস্থল সমৃদ্ধ করা এবং দেশীয় প্রজাতির বৃক্ষের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও বন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।