পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে শিশু কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যা মামলার আসামি মোস্তফা প্রামাণিকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে তাঁর বহুতল ভবনে ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, কলি হত্যা মামলায় মোস্তফা প্রামাণিক ও তাঁর ভাড়াটিয়া ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পর ১৬ সেপ্টেম্বর বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় কলির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।