জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য ও মানবিকতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কবিতা পাঠের বিশেষ আয়োজন। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আবৃত্তি অঙ্গন কমলগঞ্জ’-এর উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
আবৃত্তি অঙ্গন কমলগঞ্জের সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কবি নির্মল এস পলাশ। এতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
অনুষ্ঠানে নজরুলের সাহিত্য ও চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, দৈনিক সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।
স্বাগত বক্তব্য দেন আবৃত্তি অঙ্গনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এছাড়া সংগঠনের সদস্য সাজিদুর রহমান সাজু ও পিন্টু দেবনাথ বক্তব্য রাখেন।
কবিতা পাঠের এ আয়োজনে কমলগঞ্জ উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী অংশ নেয়। মোট ১৯ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কবিতা পাঠ করে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকদের মতে, নজরুলের সাহিত্য ও মানবিক দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাদের আবৃত্তি ও সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনটি স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যেও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
এ সময় আবৃত্তি অঙ্গনের সদস্য, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।