কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় জাল কেটে সাপটিকে জীবিত উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা দেখতে পান, আগের রাত আনুমানিক ১০টার দিকে রুমন মিয়ার পাতা মাছ ধরার জালে একটি অজগর সাপ পেঁচিয়ে আটকা পড়েছে। পরে বিষয়টি স্থানীয় সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানানো হয়।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে জাল কেটে অজগর সাপটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকারীরা জানান, জালে শক্তভাবে পেঁচিয়ে থাকায় সাপটি নিশ্চিত মৃত্যুঝুঁকিতে ছিল। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।