কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’-এর আওতায় ছাগল ও ভেড়ার বিনামূল্যে ৪র্থ ডোজ পিপিআর (Peste des Petits Ruminants-PPR) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাংশু রঞ্জন পাল এবং স্থানীয় খামারি ফজল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, ছাগল ও ভেড়ার মারাত্মক রোগ প্রতিরোধে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। নিয়মিত টিকা প্রয়োগের মাধ্যমে গবাদিপশুকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। এতে খামারি ও পশুপালকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আর রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো ভ্যাকসিন প্রয়োগ। সরকার প্রতিবছর বিনামূল্যে এই টিকা প্রদান করে থাকে। চলতি কর্মসূচিতে কমলগঞ্জ উপজেলায় মোট ১৭ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় খামারি, গবাদিপশু পালনকারী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকায় ছাগল ও ভেড়ার বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু করা হয়।