কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক মোতায়েন এবং প্রশাসনের সার্বক্ষণিক নজরদারির সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল নাঈম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ এনামুল হক, কমলগঞ্জ থানার এসআই জিয়াউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হলেও এটি আমাদের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও সন্দ্বীপ তালুকদার বলেন, পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি প্রশাসনের ভ্রাম্যমাণ টিম সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করবে।
সভায় বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।