কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে রাতের আঁধারে আদমপুর সড়কের পাশ থেকে কেটে নেওয়া হয়েছে ১৪টি বড় আকারের গাছ। উপজেলার ঘোরামারা এলাকায় বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গাছগুলো কেটে খণ্ডাংশ করে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে থাকা ১০ থেকে ১২ বছর বয়সী ইউক্যালিপটাস ও জামগাছগুলো বৈদ্যুতিক করাত দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পড়ে রয়েছে কেবল গাছের গোড়া। স্থানীয়দের ধারণা, গাছগুলো দ্রুত কেটে খণ্ডাংশ করে ট্রাক বা পিকআপে করে সরিয়ে নেওয়া হয়েছে। চুরি হওয়া গাছগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই থেকে তিন লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম ও হেলাল মিয়া জানান, ঘটনাস্থলের কাছেই রাজকান্দি বনরেঞ্জ কার্যালয় ও সড়কে চেকপোস্ট রয়েছে। এলাকায় পুলিশি টহলও রয়েছে। তাঁদের দাবি, এতগুলো বড় গাছ কেটে সরিয়ে নিতে কয়েক ঘণ্টা সময় লাগার কথা। এরপরও কীভাবে ঘটনাটি ঘটল, তা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন।
তাঁরা আরও বলেন, এভাবে গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা অব্যাহত থাকলে সামাজিক বনায়ন ও সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, একসঙ্গে এতগুলো গাছ কেটে নিয়ে যাওয়ার পেছনে সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি জানার পর বনবিভাগ, থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন তিনি। তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার বলেন, গাছ চুরির বিষয়টি তিনি জেনেছেন এবং উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকায় তিনি ফিরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।