কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. আব্দুল আহাদ নামে এক যুবদল নেতা ও ব্যবসায়ী।
শনিবার (১৭ অক্টোবর) কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আব্দুল আহাদ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উসমানগড় গ্রামের বাসিন্দা। তিনি কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পতনঊষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বলে জানান।
লিখিত বক্তব্যে আব্দুল আহাদ বলেন, লন্ডন রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারের পূর্ববর্তী ব্যবসায়িক অংশীদার মাজু মিয়ার সঙ্গে তাঁর আর্থিক হিসাব-নিকাশ নিয়ে বিরোধ রয়েছে। ওই ব্যবসায় তাঁর সঙ্গে মাজু মিয়া ও সিরাজ খান অংশীদার ছিলেন। রিসোর্টটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মাজু মিয়া। গত ৩০ সেপ্টেম্বর তিনি ব্যবসা ছেড়ে চলে যাওয়ার পর ১ অক্টোবর থেকে মালিকপক্ষ তাঁকে ব্যবস্থাপনার দায়িত্ব বুঝিয়ে দেয়।
আব্দুল আহাদের দাবি, ব্যবসায়িক অংশীদার হিসেবে তাঁর পাওনা টাকা চাইতে গিয়ে মাজু মিয়ার সঙ্গে ফোনে কথা হয়। ওই কথোপকথন কৌশলে রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভুয়া আইডি থেকে অডিও ও ভিডিও ছড়িয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
রিসোর্টের পূর্ববর্তী ব্যবস্থাপনার সময় অসামাজিক কার্যকলাপ নিয়ে এলাকাবাসীর অভিযোগ ছিল বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন আব্দুল আহাদ। তবে বর্তমানে তাঁর দায়িত্ব পালনকালে এ ধরনের কোনো কার্যক্রম হচ্ছে না বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র, পর্যটকদের পরিচয়পত্র যাচাই ও নিবন্ধন সংরক্ষণের মাধ্যমে রিসোর্টে অতিথিদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান জানান আব্দুল আহাদ। একই সঙ্গে প্রকৃত ঘটনা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে মাজু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।