মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ফুল ও উত্তরীয় দিয়ে মন্ত্রীকে বরণ করা হয়। পরে মণিপুরিদের ঐতিহ্যবাহী মৃদঙ্গ বাদন ও নৃত্য পরিবেশন করা হয়।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। সব ধর্মের মানুষের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জাতীয় ঐক্য ও শক্তির ভিত্তি। এ সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় কমলগঞ্জের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, মন্ত্রীর একান্ত সচিব বিজন কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন এবং পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট চাঁদ মোরারি সিংহসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের তৎপরতার কথা পুনর্ব্যক্ত করেন।