মৌলভীবাজার প্রতিনিধি:
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) নিজ জেলা মৌলভীবাজার সফরে আসছেন। তাঁর আগমন উপলক্ষে জেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সার্কিট হাউজে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন ডা. শফিকুর রহমান। এ সময় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।
পরে সকাল ১১টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
ডা. শফিকুর রহমানের সফর ও কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির প্রকৌশলী মো. শাহেদ আলী ও সেক্রেটারি মো. ইয়ামীর আলী। তাঁরা জানান, দলীয় আমিরের আগমনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলন সফল করতে সার্বিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় তাঁর এ সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আগ্রহ তৈরি হয়েছে।