আজ ৮ মার্চ ২০২৬, রবিবার, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল এবং বিকেল সময়ে পৃথকভাবে আয়োজন করা এই অনুষ্ঠানের জন্য উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
দিনের শুরুতে সকাল ১০:০০ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)। সভায় সভাপতিত্ব করবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
অপরদিকে, একই দিন বিকেলে সরকারের শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে একটি পারিবারিক সফরে উপস্থিত হবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, মন্ত্রী বিকাল ০৪:১৫ মিনিটে মুন্সীবাজার পৌঁছে দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। এসময় স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরীও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কবর জিয়ারতের পর মন্ত্রী বিকাল ০৪:৩০ মিনিটে কমলগঞ্জ থেকে মৌলভীবাজার সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বিকাল ০৫:০০ মিনিটে সেখানে পৌঁছাবেন। সন্ধ্যা ০৬:৩০ মিনিটে সার্কিট হাউস থেকে সিলেটের নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ০৮:০০ টায় সিলেটে পৌঁছাবেন।
মন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নেজারত ডেপুটি কালেক্টর মোঃ আকিব উল্লাহ স্বাক্ষরিত স্মারক (নং ০৫.৪৬.৫৮০০.০০০.০০৭.২৫.০০০১.২৬.২৪৭) অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।