সৌরভ আহমেদ | লন্ডন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর অঞ্চলে একটি আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত আদমপুর ইউনাইটেড কলেজ (AUC) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের আল-হামরা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে প্রবাসী সংগঠন আদমপুর হেল্পিং হ্যান্ড (AHH) ইউকে। এতে কলেজ প্রতিষ্ঠার বিভিন্ন দিক, চলমান কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, তহবিল সংগ্রহ এবং বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. সেলিম মিয়া। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ভূমিদাতা শিক্ষানুরাগী এম. এ. আহাদ-কে প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এ সময় কলেজ প্রতিষ্ঠার পেছনের প্রেক্ষাপট, লক্ষ্য ও অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নেন কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শেখ শামীম শাহেদ, সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আতিকুর রহমান, নুর নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম এবং তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাসান চৌধুরী শিপন।
এছাড়া উপস্থিত ছিলেন মো. আজিজুল হোসেন জুবেল, সৌরভ আহমেদ, সাইফুল আলম চৌধুরী আলাল, অ্যাডভোকেট মো. খালেদ সাইফুল্লাহ, সেলিম চৌধুরী, তুহিন মুল্লাসহ যুক্তরাজ্য প্রবাসী আদমপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, আদমপুর ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রকল্পটি বাস্তবায়নে প্রবাসীদের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং দ্রুত সময়ের মধ্যে কলেজের কার্যক্রম দৃশ্যমান করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে আদমপুর ইউনাইটেড কলেজের সফল বাস্তবায়ন এবং এলাকার শিক্ষা উন্নয়নে এর ইতিবাচক অবদান কামনা করে সকলের অংশগ্রহণে আলোচনা পর্বের সমাপ্তি হয়।