কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় খোকন পাত্র (৫০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলা এলাকার বাসিন্দা এবং কমল পাত্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে খোকন পাত্র বাড়ির বাইরে মদপান করে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন। এরপর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে আর্থিক সংকটের কারণে স্বজনরা তাকে সিলেটে নিতে পারেননি। পরে তাকে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অতিরিক্ত মদপানের পর খোকন পাত্র অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।”
স্থানীয়দের মতে, চা বাগান এলাকায় অবাধে মাদক ও দেশীয় মদ সেবনের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। খোকন পাত্রের মৃত্যু সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।