আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের নির্বাচনী মাঠে প্রচারণা এখন চূড়ান্ত পর্যায়ে। প্রার্থীদের পাশাপাশি তাদের পরিবার ও স্বজনদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রচারণায় যোগ করেছে ভিন্নমাত্রা। ভোটের মাঠে এখন শুধু প্রার্থীদের প্রতিশ্রুতি নয়, বরং পরিবারের আন্তরিক উপস্থিতি ও ঘনিষ্ঠ যোগাযোগই হয়ে উঠছে ভোটার টানার অন্যতম কৌশল।
বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মহসিন মিয়া মধুর পরিবারের সদস্যদের নিয়মিত মাঠপর্যায়ের প্রচারণায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
গত কয়েকদিন ধরে মাঠপর্যায়ের প্রচারণা ঘুরে দেখা গেছে, বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর পক্ষে তার স্ত্রী, সন্তান ও নিকট স্বজনরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন, ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং প্রার্থীর ঘোষিত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। পরিবারের সদস্যদের এমন নিরবচ্ছিন্ন ও আন্তরিক প্রচেষ্টায় ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ ও কৌতূহল।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধুর পরিবারের সদস্যদের উপস্থিতিও কম নয়। তার স্ত্রী, সন্তান, নাতি-নাতনি ও আত্মীয়স্বজন নিয়মিতভাবে গ্রাম থেকে গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং নারী ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তারা ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করছেন। বিশেষ করে নারী ভোটারদের সমস্যা শোনা ও পারিবারিক পরিবেশে কথা বলার এই কৌশল নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।
তবে শুধু এই দুই প্রার্থীই নন-এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী প্রীতম দাশ, খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের শেখ নূরে আলম হামিদী, জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের মো. জরিফ হোসেন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত মই প্রতীকের প্রার্থী মো. আবুল হাসানও সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের সমর্থক ও স্বজনদের উপস্থিতিতেও ভোটের মাঠে প্রতিযোগিতার উত্তাপ স্পষ্ট।
সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রার্থীদের পাশাপাশি পরিবারের সদস্যদের সরাসরি মাঠে নামা প্রচারণাকে করেছে আরও ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য। অনেক ভোটারের মতে, স্বজনদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা একটি পারিবারিক ও উৎসবমুখর রূপ পেয়েছে। কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের অলিগলি এখন নির্বাচনী স্লোগান, পোস্টার ও লিফলেটে মুখরিত।
সব মিলিয়ে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও চা শ্রমিক অধ্যুষিত এই সংসদীয় আসনে এবার যে লড়াই হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে-তা স্পষ্ট। আর সেই প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলছে প্রার্থীদের পরিবারের সক্রিয় ও দৃশ্যমান অংশগ্রহণ।
উল্লেখ্য, মৌলভীবাজার-৪ আসনটি কমলগঞ্জ ও শ্রীমঙ্গল-এই দুই উপজেলা নিয়ে গঠিত। এতে রয়েছে দুইটি পৌরসভা ও মোট ১৮টি ইউনিয়ন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ২০২ জন, নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। দুই উপজেলায় ১৬৩টি স্থায়ী ভোটকেন্দ্রের ৯৩৯টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।