মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে পারিবারিক কলহের জেরে রিনা রানী পাল (৩১) নামে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত রিনা রানী পাল স্থানীয় কুরমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল কুমার পালের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ছেলের প্রাইভেট শিক্ষকের কাছে জমা দেওয়ার একটি কাগজে স্বাক্ষর নিয়ে তর্কবিতর্কের সূত্রপাত হয়। পরিবার সূত্রের দাবি, স্বাক্ষরের সময় নাম লেখায় ভুল হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। মঙ্গলবার সকালেও এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
স্বামীর ভাষ্য অনুযায়ী, সকালে ঘরের একটি কাজ নিয়ে দু’জনের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। পরে রিনা রানী পাল বাথরুমে যান এবং সেখানে ঘরে রাখা একটি বিষাক্ত পদার্থ পান করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
প্রতিবেশী ইমন পাল জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিকভাবে সহায়তার চেষ্টা করেন এবং পরে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হক বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে।”
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এনেছে। স্থানীয়রা পারিবারিক বিরোধ নিরসনে সামাজিক ও পারিবারিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।