নড়াইল জেলা থেকে নিখোঁজ হওয়া আয়েশা করিম (১১) নামে এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৬ মে) শ্রীমঙ্গল র্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশের যৌথ অভিযানে বড়লেখার দক্ষিণভাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আয়েশা করিম নড়াইল জেলার লোহাগড়া থানার বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় আয়েশা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির সূত্র ধরে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী আয়েশার অবস্থান শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল র্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশের যৌথ দল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারের পর আয়েশাকে বড়লেখা থানায় নেওয়া হয়। বড়লেখা থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েকে ফিরে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার পরিবার।