কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। উপজেলার ১ হাজার ৫শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মাঝে সরকারি বিশেষ প্রণোদনা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজুর সভাপতিত্বে ও ইউপি সদস্য বুলবুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জের বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা হিসেবে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মসূচির আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের কৃষক ও শ্রমজীবী মানুষের পাশে রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কমলগঞ্জের কৃষকদের পুনরায় ঘুরে দাঁড়াতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো কৃষক যেন বীজ ও অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার আন্তরিক।”
ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করা হয়েছে। যাতে কোনো অনিয়ম ছাড়া প্রকৃত ভুক্তভোগীরা সহায়তা পান, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।