কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাকে ঘিরে মৌলভীবাজারের কমলগঞ্জে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা মাঙ্গলিক কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ী প্রাঙ্গণ থেকে শ্রীশ্রী জগন্নাথদেবের রথ নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দুর্গাবাড়ী প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শত শত নারী-পুরুষ ও ধর্মপ্রাণ ভক্ত অংশগ্রহণ করেন।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। কমলগঞ্জ রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ, বিএনপি নেতা আব্দুল আজিজ, রাসেল হাসান বখত, সাবেক কাউন্সিলর রুহেল আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, রথযাত্রা মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ভূষণ রায়, লোকনাথ সেবা সংঘের সভাপতি অর্জুন দেব ও সাধারণ সম্পাদক অলক দেবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, রথযাত্রা উপলক্ষে আগামী ৯ দিন কেন্দ্রীয় দুর্গাবাড়ীতে মঙ্গল আরতি, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত পাঠ, আরতি কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এদিকে একই দিনে উপজেলার আলীনগর চা বাগানের জগন্নাথ জিউর মন্দিরেও রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হয়। এছাড়া শমশেরনগর, পতনঊষার, শ্রীসূর্য, মৃর্ত্তিঙ্গা, পাত্রখোলা, মাধবপুর, কুরমা, সিদ্ধেশ্বরপুর, কালারায়বিল ও তিলকপুরসহ উপজেলার বিভিন্ন মঠ-মন্দিরে রথযাত্রা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা মহোৎসবের সমাপ্তি ঘটবে।