এহিয়া আহমেদ রাফি
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা তোয়াবুর রহমান তবারক এবং মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুহিদ, সমাজসেবক সোহেল আহমদ, আব্দুল আহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, কার্যকরী কমিটির দায়িত্বশীল, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।
কর্মসূচির আওতায় আম, জাম, পেয়ারা, হরিতকী, আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এসব গাছের নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এহিয়া আহমদ রাফি বলেন, “সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়—এই আদর্শকে ধারণ করে আমরা মানবসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছি। গাছ লাগাই, জীবন বাঁচাই—এই বার্তা ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে পতনউষার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে ঈগল নার্সারি অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন। এ উদ্যোগে সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজকরা।