কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রানীর বাজারে প্রাইম ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং সেবার নতুন আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এম কে এস কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেবার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিলেট রিজিয়নের টেরিটরি ম্যানেজার মইনউদ্দিন জনি ও শ্রীমঙ্গল শাখার ম্যানেজার শুভংকর দাস এবং মৌলভীবাজারের এক্সিকিউটিভ ইসতিয়াক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই আমানত জমা ও উত্তোলন, অর্থ প্রেরণ, ইউটিলিটি বিল পরিশোধ, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা নিজ এলাকার মধ্যেই গ্রহণ করতে পারবেন। এতে গ্রামীণ জনগোষ্ঠীর ব্যাংকিং সেবার আওতা আরও সম্প্রসারিত হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কমলগঞ্জের রানীর বাজারে নতুন এ আউটলেট চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী পরিবার ও সাধারণ গ্রাহকরা সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা নতুন আউটলেটের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন।