ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় মোহাম্মদ রাব্বি (২৫) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় আবদুল খালেক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার রাতে নগরের রঘুরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান এ তথ্য জানান।
র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে রাব্বির ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় রাব্বির ভাই মুহাম্মদ রিয়াদও আহত হন।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রেপ্তার আবদুল খালেক দাবি করেন, পূর্বের বিরোধ এবং তার বাবার ওপর হামলার প্রতিশোধ নিতেই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি বলেন, ২০১৮ সালে তার বাবাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছিল, যার জের ধরে দীর্ঘদিনের ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে।
র্যাবের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার আট ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে একটি বড় দা বা হাঁসুয়া ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে চারজনের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে নিহত রাব্বির বাবা মোবারক হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও র্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং অভিযোগগুলোর সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে।