শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের ৫ নির্বাচন, সরকারি ভবনে বসবে সোলার প্যানেল: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহ আলম

রিপোটার : / ৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

(মৌলভীবাজার) প্রতিনিধি:

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। একই সঙ্গে সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপন, শ্রীমঙ্গলের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পর্যটন উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়নের ঘোষণাও দিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং পৃথক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

দুপুরে শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের হরিজন পল্লিতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব সরকারি ভবনকে পর্যায়ক্রমে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় সোলার প্যানেল বসানো হবে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা চালু করা হবে।

তিনি বলেন, “শুধু নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করা হবে না। সোলার প্যানেল স্থাপনের ছয় মাস পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পর্যালোচনা করে এর কার্যকারিতা মূল্যায়ন করা হবে।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধরনের নির্বাচন চলতি অর্থবছরের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে এবং জাতীয় বাজেটে তার সংস্থান রাখা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে। কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

সেখানে তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের পাঁচ কোটি পরিবারের নারীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এছাড়া সিলেট বিভাগের উন্নয়নে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়িত হবে মৌলভীবাজার জেলায়।

তিনি আরও বলেন, সরকার জনগণের আস্থা অর্জনে কাজ করতে চায় এবং কোনো ধরনের কারচুপির নির্বাচনে বিশ্বাসী নয়।

শ্রীমঙ্গলের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সংকট সমাধানে নতুন উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পরিবেশের ক্ষতি হবে না এমন সরকারি জায়গা চিহ্নিত করে সেখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও যাচাই করা হবে।

তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একজন বিশেষজ্ঞ পরামর্শককে শ্রীমঙ্গলে পাঠানো হবে।

এদিন সকালে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল-রাধানগর-মহাজেরাবাদ সড়ক নির্মাণকাজ, শিশু উদ্যান, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের বহুতল ভবন এবং ময়লার ভাগাড় এলাকা পরিদর্শন করেন। শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের আশ্বাসও দেন তিনি।

আলোচনা সভা ও পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শরফরাজ আহমেদ শরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর