কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ৬ মাস মেয়াদি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। নবগঠিত এ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে ২ সেপ্টেম্বর জারি করা এক আদেশে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। প্রবিধানমালা-২০২৪ এর ধারা ৬৪ অনুযায়ী গঠিত এ কমিটি আগামী ছয় মাস বিদ্যালয়ের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম তদারকি করবে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন সমরঞ্জন সিংহ এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মনি লাল চৌবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মোহাম্মদ আবুল হোসেন দীর্ঘদিন ধরে কমলগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ। তিনি বর্তমানে কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তিনি দৈনিক দিনকাল পত্রিকার সাবেক সাংবাদিক এবং বর্তমানে অনলাইন সংবাদমাধ্যম ‘সবার আগে দেশ’-এর সম্পাদক ও প্রকাশক।
সিলেট শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটির মেয়াদ হবে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস। এ সময়ের মধ্যেই বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।