কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা:
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার তিন দিন পর মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার কটারকোনা এলাকায় রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জুবেল কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রামের বাসিন্দা।
রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর রাতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে ট্রেনে রওনা হয়েছিলেন জুবেল। রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনেরা। তাঁকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের নম্বর দিয়ে সন্ধান চেয়ে আবেদন জানান তাঁরা। তিন দিন ধরে খোঁজাখুঁজির পর শুক্রবার কটারকোনা এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ উদ্ধারের খবর পান স্বজনেরা।
কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
কুলাউড়া থানার সেকেন্ড অফিসার ফরহাদ মাতব্বর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।