মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও তামাকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ কর্মসূচির আয়োজন করে সৃষ্টি সমাজকল্যাণ সংস্থা।
বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডব্লিউবিবি ট্রাস্ট) সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে স্টেশনে উপস্থিত যাত্রী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে তামাকের ক্ষতিকর দিক, ধূমপানের স্বাস্থ্যঝুঁকি এবং তামাক নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে তামাকজনিত রোগ ও অকালমৃত্যুর ঝুঁকি কমাতে তামাকজাত দ্রব্যের ব্যবহার পরিহার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব, রোমান আহমদ, অভিক দেব, বিধান দাশ, বিভাশ দাশসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত সামাজিক উদ্যোগ জরুরি। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।