মৌলভীবাজার প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো. রাশিদুল হাসান জন।
পরিদর্শনকালে উপমহাপরিচালক পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা এবং দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের দায়িত্ব পালনের খোঁজখবর নেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে দায়িত্বে থাকা সদস্যদের স্মার্টফোনে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ইনস্টল করা আছে কি না, তা সরেজমিনে যাচাই করেন তিনি। একই সঙ্গে অ্যাপটির ব্যবহার ও কার্যপদ্ধতি সম্পর্কে সদস্যদের ধারণা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেন।
এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বদা সতর্ক থাকার পাশাপাশি শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন উপমহাপরিচালক। একই সঙ্গে পূজা উদ্যাপন কমিটি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি।