মৌলভীবাজার প্রতিনিধি:
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিসেস শ্যামলী সূত্রধরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব মো. আবদুর রহিম রিপন স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের নামও অনুলিপিতে উল্লেখ রয়েছে।
অব্যাহতির আদেশে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ দলীয় দায়িত্বশীল মহলের নজরে এসেছে এবং এ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পত্রে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।