কমলগঞ্জ প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু দাশ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুঈদ আশিক চিশতি।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং মাদক ও বেকারত্ব দূরীকরণে সরকারের পাশাপাশি স্থানীয় যুব সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে যুব ঋণ, প্রশিক্ষণ সনদ, যুব সংগঠনের মধ্যে নিবন্ধন সনদ ও অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সফল উদ্যোক্তা ও যুবকদের হাতে তুলে দেওয়া হয় যুব পুরস্কার।
পরে বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং গাছের চারা বিতরণ করা হয়।